ফারাহ জেহিরের কলাম - বারো মাসে রঙের ছন্দ - আষাঢ়ের ধূসরে ঘর
ফারাহ জেহিরের
বারো মাসে রঙের ছন্দ
আষাঢ়ের ধূসরে ঘর
আষাঢ় যখন নামে, মন
ধীরে ধীরে এক ধরনের নিঃশব্দ ধ্যানে ঢুকে পড়ে।
মেঘের ভাঁজে, জলের শব্দে, বাতাসের গোপন স্পর্শে — কোনো এক পুরনো আত্মার মতো যেন নিজের ছায়া খুঁজতে থাকে সে। এই অনুভব কারো একার নয় — যারা আষাঢ়ে জন্মেছে, তারা হয়তো এই ভাষা আরও গভীরভাবে বোঝে; তবে যারা জন্মের ঋতুকে পেছনে ফেলে, বর্ষাকে নিজের করে নিতে চায়, তারাও কম সংবেদনশীল নয়।
এই সময়টা কেবল আবহাওয়ার নয়, এক অন্তর্জাগতিক ঋতু — যখন আকাশ ভারি হয়ে উঠলে, মনে হয় বুকের মধ্যে জমে থাকা ব্যথাগুলোও কোনো এক জোয়ারে ভাসে। যখন বাষ্প জমে থাকে বাতাসে, ঠিক তখনই হঠাৎ কোনো অদৃশ্য হাত ধরে বৃষ্টি নামে, আর মনের ভেতর এমন এক তৃষ্ণা জেগে ওঠে — যার জল দিয়ে আত্মা ধুয়ে যায় নিঃশব্দে।
আষাঢ় আসলে এক ধরনের
নিভৃত স্পর্শ — রহস্যে মোড়া, সংবেদনে ভিজে থাকা, চিন্তার নিঃশেষ অতলতায় ডুবে থাকা এক
ঋতু। এই মনোভাব যদি আমরা ঘরের মধ্যে ছড়িয়ে দিই — প্রতিটি কোণে, রঙে, আলোর আড়ালে, মাটির
গন্ধে কিংবা বসার মৌনতায় — তবে সেই ঘর আর শুধু 'ঘর' থাকে না। সে হয়ে ওঠে এক ধ্যানমগ্ন
আত্মা — যার শরীরে মেঘ জমে, চোখে নামে বৃষ্টি, আর চারপাশে বেজে ওঠে বর্ষার গভীর অনুভব।
বাইরের ঘর: যেখানে প্রথম ধরা দেয় আষাঢ়ের ভাষা
ঘরের বাইরের রঙ যেন
বৃষ্টিতে ধোয়া। ছাদের উপর বৃষ্টির শব্দ পড়ে মৃদু করতালের মতো, আর গেটের পাশে যেন একটু
মাটির গন্ধ রেখে দেয় কামিনী কিংবা বেলিফুলের গাছ। দেয়ালগুলো ধোঁয়াটে ছাই রঙের, আর বারান্দার
রেলিং ধাতব কালো — একটি পুরনো প্রেমপত্রের মতো, যার কালি অল্প অল্প ঝরেছে। বারান্দায়
একটুকরো কাঠের বেঞ্চ, পাশে ছোট জলাধার, যেখানে প্রতিদিন জমে বৃষ্টির জল। এখানে বসে
চুপচাপ থাকা যায়, আর মনটা তখন ধীরে ধীরে মেঘ হয়ে যায়। দরজার সামনে রাখা একজোড়া কাঠের
স্লিপার — ভিজে গেলে যেটার শব্দ শুনেই বোঝা যায়, কেউ ফিরলো এক আষাঢ়ী বিকেল শেষে।
ঘরের অভ্যন্তর: ধূসর, নীল আর হলুদ আলোয় সাজানো আত্মা
ঘরের ভেতরের দেয়াল ধূসর — কিন্তু কোনো সাধারণ ধূসর নয় — যে ধূসর আকাশের নিচে দুপুরে আলো ঝিমিয়ে পড়ে, সেই ধূসর। আবার এক-একটি দেয়ালে গাঢ় নীল, যেন গভীর আত্মমগ্নতা। সেই নীল দেয়ালে ঝুলে থাকে কিছু জলছাপ ছবি—একটি জানালা ভিজে যাচ্ছে, একটি ছাতা উল্টে গেছে রাস্তায়, একজন নারী একা ছাদে দাঁড়িয়ে কিংবা একটি চিঠি যার কাগজে ছিটকে পড়েছে বর্ষার জল। অথবা দেয়ালে ঝোলানো একটি বর্ষার কবিতার ব্যানার। এভাবে প্রতিটি ছবি বলে কিছু না বলা গল্প, যা শুধু বৃষ্টির নয় — আমাদের হৃদয়ের।
ঘরের আলো সবই মৃদু
হলুদ। যেন একটি সন্ধ্যার আলো, যেখানে শব্দ নেই, শুধু স্মৃতি। এই আলোয় বসে থাকলে, মনে
হয় যেন বৃষ্টির গান শোনা যাচ্ছে দূর থেকে। ফ্লুরোসেন্ট আলো নয়, ছোট ছোট টেবিল ল্যাম্প,
মোমবাতি কিংবা দেয়ালের গা ঘেঁষে আলোর রেখা — এইসব দিয়েই ঘরকে আলোকিত করা যায়।
বসার ঘর ও বিছানার ঘরে মন ছুঁয়ে থাকার আহ্বান
বসার ঘরের সোফা হোক গাঢ় নীল মখমলে মোড়ানো। পাশে রাখা থাকুক একটি ছোট কাঠের সেন্টার টেবিল, যার উপর একটি কাঁচের বাটি আর তাতে রাখা বকুল ফুল। জানালার ধারে একটি ধূসর কাপড়ের চেয়ারে বসে আপনি চাইলে বই পড়তে পারেন, চাইলে কিছু না করেও কাটিয়ে দিতে পারেন পুরো একটি দিন।
বিছানার ঘরটা হোক
যেন শরীর বিশ্রাম নেয় আর মন গেয়ে ওঠে। বিছানায় সাদা আর নীল রঙের চাদর — হাত দিলে যেন
মনে হয় মেঘ ছুঁয়ে দিলেন। জানালার পর্দা ছাই রঙের, আর পাশে রাখা কয়েকটি গাছ — মানিপ্লান্ট,
অ্যালোভেরা, ছোট বাঁশের গাছ — যা শুধু শোভাই নয়, দেয় এক প্রশান্ত শ্বাসের জায়গা।
আষাঢ়ে শিশুদের ঘর: রঙে, গল্পে, কল্পনায় ভেজা এক আশ্রয়
আষাঢ় এলে যেমন প্রকৃতি ভিজে ওঠে বৃষ্টির নরম ছোঁয়ায়, তেমনই শিশুদের ঘরটিও হয়ে উঠুক এক রঙিন কল্পনার জগৎ। দেয়ালে থাকুক মেঘ, রংধনু আর ছোট ছোট বৃষ্টির ফোঁটার চিত্র — যেন প্রতিদিন নতুন এক গল্প বলে। জানালার পাশে ছোট্ট একটা কোণ থাকুক বইয়ের, যেখানে বৃষ্টির শব্দের সঙ্গে মিলেমিশে গল্পেরা জেগে ওঠে।
বিছানার চাদর হোক নীল আর সাদা, যেন তারা ঘুমোয় মেঘের মাঝে। খেলনার
তাকেও সাজিয়ে দিন — তাদের প্রিয় চরিত্রগুলো যেন বৃষ্টির সঙ্গে খেলে। ঘরে রাখুন একটু উষ্ণ
আলো, আর এক কোণায় ছোট ফুলদানিতে রোজ একটি বুনো ফুল — প্রকৃতির সঙ্গে শিশু যেন গড়ে তোলে
নিজের বন্ধুত্ব। এই ঘর যেন কেবল খেলার জায়গা না হয়, বরং হয়ে উঠুক স্বপ্ন দেখার, কল্পনায়
ওড়ার, আর বৃষ্টির সুরে বেড়ে ওঠার এক ছোট্ট, মায়াভরা জগৎ।
আষাঢ়ী মনস্তত্ত্ব: সংবেদনশীল, নিঃশব্দ ও গভীর
এই ঘর আপনার হোক — আপনি যে-ই হোন না কেন — আপনার মন যদি চায় এক টুকরো প্রশান্তি, যদি আপনি অনুভবে বিশ্বাস করেন, মৌসুম বদলায় কিন্তু হৃদয়ের ভাষা একই থাকে, তবে এমন ঘরই আপনার জন্য। আষাঢ়ে জন্মানো মানুষরা সহজে কিছু বলে না, তারা গভীরে দেখে, গভীরেই ভালোবাসে। সেই ভালোবাসা ছড়িয়ে দিন আপনার ঘরের প্রতিটি কোণে।
ঘরে গন্ধ হোক মাটি
বা চন্দন, শব্দ হোক বৃষ্টির ধ্বনি বা ধ্রুপদী সুর — সবই যেন বলে দেয়, আপনি এক আত্মমগ্ন,
হৃদয়বান মানুষের আশ্রয়ে প্রবেশ করেছেন।
ঘরের গন্ধ, শব্দ আর মৌসুমী স্মৃতি
বৃষ্টি যখন পড়ে, তখন ঘরের ভেতরেও তার একটা প্রতিধ্বনি থাকে। আপনি আপনার ঘরে রাখুন একটি মাটির দোলোয়ান, কিংবা ছোট একটি জলঘড়ি রাখতে পারেন — যেখান থেকে বৃষ্টির মতো শব্দ আসে। ঘরের গন্ধ হোক বকুল, চন্দন বা লবঙ্গ তেল। আপনি যখন যখন একা বসে থাকবেন , তখন গন্ধও আপনাকে জড়িয়ে রাখবে।
এই ঘর এমনভাবে তৈরি
করুন, যেখানে ঢুকলেই মনে হয় — এখানে কেউ চুপচাপ ভালোবাসে, চুপচাপ কাঁদে, আবার চুপচাপ
কবিতা লেখে।
আষাঢ়ের ঘর: প্রেম ভেজানো বাসনার এক নিঃশব্দ আশ্রয়
আপনি যদি এই আষাঢ়ে আপনার ঘর সাজাতে চান মনের মতো করে, তবে শুরু করুন রঙ দিয়ে—ধূসর, গাঢ় নীল আর একফোঁটা নরম হলুদ। আলো হোক মৃদু, যেন আপনার চিত্ত প্রশান্ত হয়। বসার জায়গায় থাকুক কিছুটা ফাঁকা স্থান—যেখানে কেবল বসে থাকা যায়, কোনো গন্তব্য ছাড়াই।
রাখুন কিছু খালি জায়গা — যেখানে কেবল বসে থাকা যায়, কিছু না ভেবেও অনেক কিছু অনুভব করা যায়। রাখুন গন্ধ, যেন কোনো হারিয়ে যাওয়া দুপুরের কথা মনে পড়ে যায়। রাখুন শব্দ, যেন বৃষ্টির টুপটাপে ভেসে আসে কবিতার মতো কিছু। রাখুন জল, যেন মন যখন পিয়াসী হয়, এই ঘর হয় তার একমাত্র আশ্রয়। এই ঘর যেন কেবল থাকার জায়গা না হয়, বরং হয়ে উঠুক আপনার আত্মার আশ্রয়। আলো এখানে যেন কেবল আলো না, বরং এক অনুভব। গন্ধ যেন কেবল সুগন্ধি না, বরং কোনো হারিয়ে যাওয়া সময়ের টুকরো।
চিঠি যদি লেখেন, লিখুন জানালার পাশে বসে — যেখানে বৃষ্টি পড়ে, আর শব্দেরা নিজেই ছন্দ পায়। ভালোবাসা যদি দেন, দিন আষাঢ়ের ভিজে বাতাসে ভেসে — নির্বাক কোমলতায়। আর যদি নিজেকে ভালোবাসেন, তবে নিজের জন্য এমন এক ঘর তৈরি করুন, যেখানে ঢুকেই আপনার ভেতরের মানুষটা ধরা গলায় বলবে — এটাই তো আমার জায়গা। আপনার মনও তো পিয়াসী, আপনার ভেতরেও জমে থাকা বরিষণ আছে, আছে নিঃশব্দ ভালোবাসার আকুতি। এই আষাঢ়ে, আপনার ঘর হয়ে উঠুক প্রেম ভেজানো বাসনার এক আত্মিক আশ্রয়।©ফারাহ জেহির
শব্দ মুকুর ই-পত্রিকা আষাঢ় সংখ্যায় প্রকাশিত

.jpg)
.jpg)


Comments
Post a Comment
Thank you for your comment and interest in shobdomukur.com. One of our editorial team members will respond to your comment.